
এসএম জামাল, কুষ্টিয়া : কুষ্টিয়া–৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, রমজান মানুষকে দায়িত্বশীল হতে শেখায় এবং অন্যের কষ্ট উপলব্ধি করার সুযোগ তৈরি করে। আর তাই জীবনকে নিয়ন্ত্রণে রাখতে সিয়ামের চেয়ে উত্তম কিছু নেই। রোজা মানুষকে আত্মসংযম, আত্মশুদ্ধি ও নৈতিক দৃঢ়তার শিক্ষা দেয়।
শুক্রবার বিকেলে কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সংযমী হতে এবং নিজের ভুল সংশোধন করতে রোজা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিয়াম শুধু না খেয়ে থাকার নাম নয়; এটি মানুষের চরিত্র গঠন ও আত্মনিয়ন্ত্রণের অনুশীলন।”
মুফতি আমির হামজা আরও বলেন, রমজান মানুষকে দায়িত্বশীল হতে শেখায় এবং অন্যের কষ্ট উপলব্ধি করার সুযোগ তৈরি করে।
নিজের শৈশবের স্মৃতি তুলে ধরে মুফতি আমির হামজা বলেন, “আমরা যখন পঞ্চম শ্রেণিতে পড়তাম, তখন অনেক সহপাঠী বিভিন্ন কারণে ঝরে গেছে। সবাই একই জায়গায় পৌঁছাতে পারে নি। আজ আমাকে যে চেয়ার ও সম্মান দেওয়া হয়েছে, সেটিকে আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।”
পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার চর্চা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রাখলে ব্যক্তি ও সমাজ উভয়ই উপকৃত হবে পাশাপাশি তিনি এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সার্বিক অগ্রগতি কামনা করেন এবং প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও উন্নত হোক এ প্রত্যাশা ব্যক্ত করেন।
এডুকেয়ার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে এসময় ইসলামি বিশ্ববিদ্যালয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজের প্রফেসর ড. গোলাম মওলা, আরবি ও ভাষা সাহিত্য বিভাগের প্রফেসর ড. কামরুল হোসাইন, প্রফেসর ড. রফিকুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল মো: আনিসুর রহমান, কুষ্টিয়া জেলা জজকোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীমুল হাসান অপু, জেলা জামায়তের সেক্রেটারি খন্দকার সুজা উদ্দিন,
জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মো: ইউনুস আলী, সদর উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো: নজরুল ইসলাম পরিচালক সোহেল রানা মানিক, প্রিন্সিপাল একাডেমিক মিস দিলরুবা পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, কুষ্টিয়ার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ। খুলনা বিভাগের মধ্যে আধুনিক স্মার্ট ক্যাম্পাস হিসেবে এ শিক্ষা প্রতিষ্ঠানের জুড়ি নেই। এমন একটি ঐতিহ্যবাহী মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ জেলা গৌরব ও ভাবমূর্তিকে ফিরিয়ে আনতে কাজ করছে বলেও জানান তারা।
ইফতার মাহফিলে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও আবাসিক শাখার শিক্ষার্থী, অভিভাবক, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এবং মুসলিম উম্মাহ কল্যানে মোনাজাত করা হয়।