
মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিস সদস্য, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে আয়োজিত দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়ায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী দেখানো হয়। এতে সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা দুর্যোগের সময় দ্রুত উদ্ধার তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ সমাজকে দুর্যোগ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে পারলে একটি নিরাপদ ও সক্ষম বাংলাদেশ গড়া সম্ভব।
এ বছরের দিবসের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।